খেলাধুলা

জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয়

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৬ , ৯:৪০:৩১ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে প্রথমবার শুরুর একাদশে নেমেই নিজের চেনা রূপে ধরা দিলেন লিওনেল মেসি। জোড়া গোল করে দলকে উজ্জীবিত করে পিছিয়ে পড়া অবস্থা থেকে ৪-২ গোলের জয় এনে দিলেন তিনি। ফলে নতুন মৌসুমের লিগস কাপের প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি।

বুধবার মায়ামির নিজ মাঠে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। দাভিদ রদ্রিগেসের হেড গোলরক্ষক রোকো রিওস নোভোকে পরাস্ত করে জালে জড়ায়। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

অল্প সময়ের মধ্যেই নোয়া অ্যালেনের বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার খেলা শেষে বিরতি কাটিয়ে ক্লাবে ফেরার পর এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ, আর প্রথমবার শুরুর একাদশে নেমেই গোলের দেখা পেলেন তিনি।

মেসির অনুপস্থিতিতে মেজর লিগে দলের ছন্দ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লুইস সুয়ারেজ। তবে এই ম্যাচে খেলতে পারেননি উরুগুয়ের এই তারকা। আগের মৌসুমের লিগস কাপের ফাইনালে সিয়াটলের এক স্টাফ সদস্যের দিকে থুতু ছিটানোর ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ শুরু করেছেন তিনি। ফলে পুরো আসরেই তাকে পাচ্ছে না ইন্টার মায়ামি।

ম্যাচের মাঝামাঝি সময়ে নোয়া অ্যালেনের দারুণ পাস থেকে তেলাস্কো সেগোভিয়া জোরালো শটে মায়ামিকে এগিয়ে দেন। ওই গোলেও সহায়তা করেন মেসি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। আবারও অ্যালেনের পাস থেকে বক্সের ভেতরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি।

এই গোলের মাধ্যমে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান মেসি। ২০২৩ সালে প্রতিযোগিতার সম্প্রসারিত সংস্করণ চালুর পর তার গোলসংখ্যা দাঁড়ায় ১৪, যা দ্বিতীয় স্থানে থাকা দেনি বুয়াঙ্গার চেয়ে একটি বেশি। একই সঙ্গে এই প্রতিযোগিতায় ১২ ম্যাচে এটি ছিল মেসির পঞ্চম জোড়া গোলের ম্যাচ।

এদিন নোয়া অ্যালেনও গড়েছেন ব্যক্তিগত কীর্তি। ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ম্যাচে তিনটি গোলে সহায়তা করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর যে সামান্য আশা ছিল সান লুইসের, সেটিও শেষ হয়ে যায় বিরতির আগে। কর্নার থেকে উড়ে এসে হেডে দলের চতুর্থ গোলটি করেন মিকায়েল। প্রথমার্ধ শেষ হয় ৪-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে রাফা লোরেন্তে দূরপাল্লার দুর্দান্ত এক গোলে ব্যবধান কমালেও ভারী বৃষ্টির কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে খেলা শুরু হলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি সান লুইস। সুযোগ তৈরি করেও ব্যবধান কমাতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের ৮৩তম মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি বাম হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন, যা মায়ামির জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মেসির নেতৃত্বে টানা চার ম্যাচ জিতে পূর্বাঞ্চলীয় শীর্ষ সারিতে নিজেদের অবস্থান শক্ত করেছিল ইন্টার মায়ামি। ২০২৩ সালে ক্লাবে যোগ দেওয়ার পর তার নেতৃত্বেই প্রথমবারের মতো লীগস কাপের শিরোপা জিতেছিল দলটি।

লিগস কাপে নিজেদের পরের ম্যাচে শনিবার মনতেরেইয়ের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। অন্যদিকে রোববার ন্যাশভিলের বিপক্ষে খেলবে আতলেতিকো দে সান লুইস।