প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ২:২১:১২ প্রিন্ট সংস্করণ
কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মিয়ামির এই রোমাঞ্চকর ম্যাচের পর মাঠের বাইরের একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। ম্যাচ শেষে কেপ ভার্দের কয়েকজন ফুটবলার লিওনেল মেসির সঙ্গে ছবি তুলতে ভিড় করলে তাদের কাউকেই নিরাশ করেননি আর্জেন্টাইন অধিনায়ক।
মিক্সড জোনে অপেক্ষায় থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন মেসি। পরে বিষয়টি নিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘ওরা আমার কাছে জার্সি চেয়েছে, ছবি তুলেছে, সবই করেছে… অথচ মাঠের ভেতরে আমাকে তো লাথিই মারে!’
ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়কও ছিলেন মেসি। তিনি দলের প্রথম গোলটি করেন, যা বিশ্বকাপে তার ব্যক্তিগত ২০তম গোল। এছাড়া লিসান্দ্রো মার্তিনেজের গোল এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোলের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মেসির নেতৃত্বে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।
তবে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে এই দলটা তো আর এমনি এমনি অপরাজিত থাকেনি। সবচেয়ে কঠিন কাজটা আমরা করেছি, সেটি হলো প্রথম গোলটি করা। এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে তারা শেষ পর্যন্ত লড়াই করবে।’
সেট-পিস থেকে গোল করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজ আমরা সেট-পিসের সুবিধা নিতে পেরেছি। আগে যেখান থেকে খুব বেশি গোল করতে পারিনি। এমন ম্যাচে সেট-পিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে ভালো হেডার আছে এবং আমরা আক্রমণ ও রক্ষণ দুই দিকেই এসব নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। এমন টুর্নামেন্টে এগুলো বড় পার্থক্য গড়ে দেয়।’
তবে প্রথম গোলের পর দলের ছন্দ হারানোর বিষয়টি নিয়েও হতাশা প্রকাশ করেন মেসি।
তিনি বলেন, ‘ভেবেছিলাম প্রথম গোলের পর আমরা নিজেদের স্বাভাবিক খেলায় ফিরব এবং চাপমুক্ত হয়ে খেলব। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে যাই এবং তাদের ওপর ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি। ওরা নিজেদের শক্তির জায়গা থেকে খেলেই গোল শোধ করে দেয়। আমরা জানতাম কাজটা কঠিন হবে। এটা নকআউট পর্বের টুর্নামেন্ট, এখানে কেউ আপনাকে বিন্দুমাত্র ছাড় দেবে না।’
শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখন মিসর। কেপ ভার্দের বিপক্ষে জয় পেলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন সমর্থকেরা। তাই মিসরের বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা কতটা ছন্দে ফিরতে পারে, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।















