অপরাধ

সোহেল চৌধুরী হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি তারিক সাইফ মামুন গুলিতে নিহত

  নিজস্ব প্রতিবেদক, দৈনিক মতপ্রকাশঃ ১০ নভেম্বর ২০২৫ , ২:১৮:১০ প্রিন্ট সংস্করণ

নিহত তারিক সাইফ মামুন। সংগৃহীত ছবি


রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি তারিক সাইফ মামুন। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা দুইজন মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক জানান, তারিক সাইফ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন এবং গত বছর তিনি ওই মামলায় খালাস পান। এছাড়াও তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের স্ত্রী রিপা বলেন, “আজ সকালে একটি মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন মামুন। সেখান থেকে ফেরার পথে এই হামলার শিকার হন।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “নিহত তারিক সাইফ মামুন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ঘটনার তদন্ত চলছে। হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত টার্গেট কিলিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও খবর

Sponsered content