স্টাফ রিপোর্টারঃ ৩১ আগস্ট ২০২৫ , ১:০২:৪৬ প্রিন্ট সংস্করণ
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে ঘিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার পৃথক সময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে। নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এ প্রতিনিধিদলে থাকছেন— সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।
এরপর সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। এতে অংশ নেবেন— মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
অন্যদিকে, রাত ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠকে নেতৃত্ব দেবেন।




















