প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ৩:৪১:৪১ প্রিন্ট সংস্করণ
১১২ কোটি টাকার চেক ডিজাইনারের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই জামিনের আদেশ দেন।
চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশের পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলা অন্যান্য আসামিরা জামিনের রয়েছে। মামলাটিতে পাঁচটি কোম্পানি নাম উল্লেখ করে ১০ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মন্ডল, মো. লুৎফর রহমান, মোসা. মাশকুরা খানাম, মো. সাইফুর রহমান, অবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর ও এ এস এফ রহমান।
কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড, স্ক্যাপ হোল্ডিং লিমিটেড, এসএফ আর হোল্ডিং লিমিটেড, এএসআর হোল্ডিং লিমিটেড এবং বেক্সিমকো হোল্ডিং লিমিটেডের পক্ষে প্রতিনিধিরা।
মামলায় বলা হয়, ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস কর্পোরেট শাখায় জমা দিলে একই দিন ব্যাংক সেটি “Insufficient Fund” (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে ফেরত দেয়।
পরবর্তীতে ২৬ নভেম্বর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ও ১৪০ ধারার বিধান অনুযায়ী নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা অর্থ পরিশোধ করেননি।
উল্লেখ্য, সালমান এফ রহমানের নামে মোট কতটি মামলা রয়েছে তার সুনির্দিষ্ট বা চূড়ান্ত কোনো সংখ্যা সরকারিভাবে বা একক কোনো তালিকায় প্রকাশ করা হয়নি। তবে ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পতনের পর থেকে ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উসকানি, বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বহুসংখ্যক (কয়েক ডজন) মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে আছেন।





















