স্টাফ রিপোর্টার: ১৬ জানুয়ারি ২০২৬ , ৮:০৪:৫৫ প্রিন্ট সংস্করণ
“সকল সংবাদকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিংসা নয়, বিদ্বেষ নয়—সবার আগে ভালো মানুষ হতে হবে। নিজেকে পরিবর্তন করে সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরতে হবে এবং আলোকিত করতে হবে।”
এমন আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন। তিনি বলেন, “নিজেকে প্রশিক্ষিত করতে হবে এবং অন্যদের শিখতে আগ্রহী করে তুলতে হবে। সাংবাদিক সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা একে অপরের পরিপূরক।”
তিনি আরও বলেন, “শুধু নিজের স্বার্থ নয়, সবার জন্য কাজ করতে হবে।”
জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন টাঙ্গাইলের এলেঙ্গা ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের আহ্বায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের আহ্বায়ক মোহাম্মদ রমজান আলী।
আজ স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সদস্য সচিব বুলবুল আহমেদ শিকদার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের সদস্য সচিব সেলিম রেজা, সম্মানিত সদস্য আব্দুল মোতালেব, সবুজ সরকার, সাইফুল ইসলাম সজীব, আবু সায়েম, সাইদুর রহমান পলাশ, মনির হোসেন, কেরামত আলী, শাহেদ মোল্লা, ফজলুল হক ও পারভিন আক্তার প্রিয়া প্রমুখ।
সভায় সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।














