গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি: ৬ মে ২০২৫ , ৬:১৭:০৩ প্রিন্ট সংস্করণ
এসএসসি পরীক্ষার অজুহাতে নিয়ম ভেঙে আগেভাগে ছুটি দেওয়ায় গঙ্গাচড়ার একাধিক মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। গত ৫ মে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ইতোমধ্যে এসব প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।
জানা গেছে, রোববার (৪ মে) দুপুরে কোলকোন্দ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা, আব্দুল ছামাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বাগপুর মাছুম আলী উচ্চ বিদ্যালয়, বাগপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসা ও বড়াইবাড়ি উচ্চ বিদ্যালয়, গজঘন্টা স্কুল এন্ড কলেজ দুপুর ১টার আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয়। যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আরিফ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে আগে ভাগে ছুটি দেওয়া গুরুতর অনিয়ম। জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, এসএসসি পরীক্ষার অজুহাতে নিয়ম না মেনে ছুটি দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবক ও সচেতন মহলের দাবি, শুধু শোকজ নয়, প্রয়োজনে তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা মনে করেন, শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানই হতে পারে একমাত্র পথ।
আব্দুল আলীম প্রামানিক /এমআই




















