সারাদেশ

বাহুবলে অবৈধ সিলিকা বালু উত্তোলন রোধে পরামর্শ সভা, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি

  বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৩ মে ২০২৬ , ৩:০৭:০০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকায় চা বাগান ও সংলগ্ন ছড়া থেকে অবৈধ সিলিকা বালু উত্তোলন রোধে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অবহিতকরণ এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে এবং স্থানীয় সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

শনিবার (২৩ মে, ২০২৬) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি মো. কেফায়েত উল্লাহ। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া।

সভায় প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ সাহেদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলার সিলেট বিভাগের সহ-সমন্বয়ক নিরুপম এবং বেলার হবিগঞ্জ জেলা নেটওয়ার্ক মেম্বার ও সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ, হবিগঞ্জের ভাইস প্রিন্সিপাল মো. জালাল উদ্দিন রুমি।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, “অননুমোদিত ও অপরিকল্পিতভাবে চা বাগান এবং প্রাকৃতিক ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। মহামান্য উচ্চ আদালত এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আইনি নির্দেশনা অমান্য করে যারা পরিবেশের ক্ষতি করছে, তারা পার পাবে না। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পরিবেশগত বিপর্যয় রোধে আইনি লড়াই আরও জোরদার করা হবে।”

সভাপতির বক্তব্যে মো. কেফায়েত উল্লাহ বলেন, “আমাদের এলাকার প্রাকৃতিক সম্পদ, চা বাগান এবং ছড়াগুলো অবৈধ বালু উত্তোলনের কারণে ধ্বংসের মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় যুবসমাজ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। পরিবেশ ধ্বংস হলে ভবিষ্যৎ প্রজন্ম বড় ঝুঁকিতে পড়বে।”

বিশেষ অতিথির বক্তব্যে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও সংগঠনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম বলেন, “জনপ্রতিনিধি হিসেবে এলাকার পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অবৈধ বালু উত্তোলনের কারণে স্থানীয় অবকাঠামো ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়ছে। প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

সভায় সংগঠনের উপদেষ্টা মো. টেনু মিয়া ও মো. উস্তার মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরামর্শ সভা শেষে বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ সাহেদা এবং ভাইস প্রিন্সিপাল মো. জালাল উদ্দিন রুমি স্থানীয় যুব সংঘের নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত চা বাগান ও ছড়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা বালু উত্তোলনের ফলে সৃষ্ট পরিবেশগত ক্ষয়ক্ষতির চিত্র প্রত্যক্ষ করেন এবং দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক জাহিদ মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সহ-প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম সেলিম, সহ-অর্থ সম্পাদক হাফেজ জুবায়ের, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান এবং সমাজসেবক মাসুক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content