সারাদেশ

মাধবপুরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৩ মে ২০২৬ , ১২:৪৮:১৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনায় কয়েক লাখ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।

জানা গেছে, নোয়াপাড়া বাজারের “এমবি ফার্নিচার” নামের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দোকান মালিক আল আমিন বলেন, “আমার সর্বনাশ হয়ে গেছে। দোকানের সব মালামাল পুড়ে গেছে। কীভাবে এই ক্ষতি সামাল দেব বুঝতে পারছি না।”

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মনতোষ মল্লিক জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content