সারাদেশ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

  প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ১:৪০:৩০ প্রিন্ট সংস্করণ

যশোর সদর উপজেলায় কাভার্ডভ্যান ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) ও চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির পাওয়ার ট্রাক প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সেটি ইজিবাইকে ধাক্কা দিলে তিন যাত্রী মারা যান। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় চার বছর বয়সী এক শিশু ও মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content