সারাদেশ

ঝুঁকিপূর্ণ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার: গাজীপুরে পুরস্কৃত গাছা থানা পুলিশের সদস্যরা

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ১৮ জানুয়ারি ২০২৬ , ৩:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গাছা থানা কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।

জিএমপি সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে গাছা থানা পুলিশ গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার মধ্যে একটি ৭.৬৫ এমএম এবং অপরটি ৯ এমএম। এ ছাড়া ০৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল।

অভিযানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও কৌশলের মাধ্যমে এটি সফলভাবে সম্পন্ন হয়। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন জিএমপি’র সম্মানিত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, “গাজীপুর মহানগরকে অপরাধমুক্ত রাখতে জিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে গাছা থানা পুলিশের এই সাফল্য প্রশংসনীয়। দায়িত্ব পালনে এমন নিষ্ঠা ও সাহসিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গাছা থানার অফিসার ইনচার্জ। উপস্থিত কর্মকর্তারা অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দলগত সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেন।

জিএমপি কর্তৃপক্ষ জানায়, মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content