অপরাধ

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার, ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৪ আগস্ট ২০২৬ , ৩:১৪:৫৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

চুনারুঘাট থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর-৫০২/২১ মামলায় সাজাপ্রাপ্ত মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি আমকান্দি গ্রামের আব্দুস শহীদের ছেলে। এ মামলায় আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া জিআর-৪৮৩/২১ মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত মো. আনজব আলীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইকরতলী বস্তির আহমদ আলীর ছেলে।

অন্যদিকে, জিআর-২২/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি নাঈম মিয়া (৩২) এবং ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযুক্ত ফারুক মিয়া (২৮) গ্রেপ্তার হয়েছেন।

এদিকে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ পরমেশ্বর তাতী (৪০), অরুন তন্তবায় (৫০) ও রাম তন্ত্রবায় (৪৫) নামে তিনজনকে আটক করা হয়। তাদের বাড়ি চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চাঁনপুর এলাকায়।

র‌্যাব জানায়, মাদক উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এজাহার দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশের হাতে গ্রেপ্তার চার আসামি এবং র‌্যাবের হাতে আটক তিনজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content