সারাদেশ

ওপেন হার্ট সার্জারির অপেক্ষায় ১০ মাসের তাসমিয়া, সহায়তার আবেদন অসহায় বাবা–মায়ের

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৮ ডিসেম্বর ২০২৫ , ৮:৪৭:২৩ প্রিন্ট সংস্করণ

 

আহসান হাবিব ও রোকেয়া সুলতানার একমাত্র কন্যা তাসমিয়া রাফা। বয়স মাত্র ১০ মাস ২০ দিন। জন্মের পর থেকেই হৃদরোগে আক্রান্ত এই শিশুটির হার্টে ছিদ্র রয়েছে। হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি ফুসফুস ও ফুসফুস–সংলগ্ন অঙ্গ (লাংস)–এও জটিলতা ধরা পড়েছে।

প্রথমে তাসমিয়াকে ভর্তি করা হয় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসক ডা. শাহরিয়ার হুসেন ও ডা. আতাউল হক ৬ মাস ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়ার পর শিশুটিকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে রেফার করেন। চিকিৎসকরা জানান, শুধু ওষুধে আর কাজ হবে না, ওপেন হার্ট সার্জারি জরুরি।

ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করার পর শিশুটির দায়িত্বে থাকা চিকিৎসক ডা. ইলিয়াস পাটোয়ারী বাবা–মাকে স্পষ্ট করে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যে তাসমিয়ার ওপেন হার্ট সার্জারি করাতে হবে, না হলে তাকে আর বাঁচানো কঠিন হবে।

চিকিৎসকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, অস্ত্রোপচার ও চিকিৎসা ব্যয়ে প্রায় আড়াই লাখ টাকা এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে আরও প্রায় ৫০ হাজার টাকা দরকার। কিন্তু তাসমিয়ার বাবা–মা অত্যন্ত স্বল্প আয়ের মানুষ; এই বিপুল অর্থ জোগাড় করার সামর্থ্য তাঁদের নেই।

অসহায় মা রোকেয়া সুলতানা কাঁদতে কাঁদতে জানান,
“আমার মেয়েটা জন্মের পর থেকেই অসুস্থ। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না হলে বাঁচবে না। আমরা গরিব মানুষ, এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে কঠিন। তাই সবার কাছে সাহায্য চাইছি—আমার মেয়েটাকে বাঁচানোর জন্য।”

তাসমিয়ার বাবা–মা দেশের এবং প্রবাসের দানশীল ও বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

সহায়তা পাঠানোর বিকাশ, রকেট ও নগদ নম্বরঃ
০১৭৯৭-৮৭১৬৮৪

তাসমিয়ার বাবার নাম: আহসান হাবিব,
মায়ের নাম: রোকেয়া সুলতানা
ঠিকানা: গ্রাম – কালিয়ানী, উপজেলা – শার্শা, জেলা – যশোর।

মানবিক সহায়তা পেলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে ১০ মাস বয়সী তাসমিয়া।

আরও খবর

Sponsered content