বিনোদন

কারিনার মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ বাবা কায়সার হামিদের

  প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ১:৫৫:১১ প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বৃহস্পতিবার রাত থেকেই চিকিৎসাধীন রয়েছেন। দেশের পর উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভারতে। এর মাঝেই সামাজিকমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। তার কথায়, মৃত্যু নিয়ে এ ধরনের গুজব কারও কাছ থেকেই কাম্য নয়।

একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যেকোনো সময় মরে যেতে পারি। এরপরও মৃত্যুর মতো একটা বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়।

আমাদের পরিবার এমনিতেই ওর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন, এ মুহূর্তে সকলের মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।’

কারিনার সবশেষ অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘ফুসফুসে কিছুটা ইনফেকশন আছে, এটা ধীরে ধীরে রিকভারি করছে। এরপর লিভারের চিকিৎসা হবে। এর মাঝে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালও আমার দুই ছেলের কিছু টেস্ট হয়েছে। ৪৮ ঘণ্টা পর রিপোর্ট আসবে।’

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য রচনার মাধ্যমেও দর্শকদের নজর কাড়েন। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।