বিনোদন

শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে যা বললেন ফারিয়া

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩০:১৫ প্রিন্ট সংস্করণ

‘শাহেনশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া। এরপর কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও। তাদের একসঙ্গে দেখা গেছে স্টেজ শো ও বিভিন্ন অনুষ্ঠানেও। অনুরাগীদের মনে প্রশ্নের ঝড়- শাকিবের সঙ্গে কি প্রেমে জড়ালেন ফারিয়া? অবশেষে দীর্ঘদিনের নীরবতা ভেঙে সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে মুখ খুলেছেন ফারিয়া।

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনের ইতি টেনে অভিনেত্রী বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি- সবটাই কাজের জায়গা থেকেই।’

এদিকে, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘শাহেনশাহ’র পর এই জুটিকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। কেন তাদের আর জুটি হয়নি- এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়।

অভিনেত্রীর ভাষ্য, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

সাক্ষাৎকারে ফারিয়ার জেলে থাকার সময়ের কথাও উঠে আসে। তিনি বলেন, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনও তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।’

উল্লেখ্য, বিদেশ যাত্রার সময় ২০২৫ সালের মে মাসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ৪৮ ঘণ্টা কারাগারে থাকার পর জামিন পান তিনি।

আরও খবর

Sponsered content