প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ৯:১৪:৩৫ প্রিন্ট সংস্করণ
নতুন মৌসুমের দুর্দান্ত শুরু ধরে রেখেছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে বুধবার ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। দুর্দান্ত এই জয়ে বড় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।
নতুন মৌসুমে সেন্ট্রাল স্ট্রাইকারের ভূমিকায় খেলতে পেরে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন রাফিনহা। ফেইনুর্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি গড়েছেন দারুণ এক কীর্তি। অন্তত ২০০০ সালের পর বার্সেলোনার হয়ে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই গোল করা প্রথম খেলোয়াড় এখন রাফিনহা।
চলতি মৌসুমে পাঁচ ম্যাচে রাফিনহার গোলসংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। ২০২২-২৩ মৌসুমে রবার্ট লেভানডফস্কির পর বার্সেলোনার হয়ে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে এত বেশি গোল আর কোনো খেলোয়াড় করতে পারেননি।
ম্যাচ শেষে রাফিনহা বলেন, ‘সত্যি বলতে, একটি মৌসুমে উত্থান-পতন থাকবেই। তবে এভাবে মৌসুম শুরু করতে পারায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।’
বার্সেলোনার দুর্দান্ত রাতকে আরও স্মরণীয় করে তুলেছেন গ্রীষ্মকালীন দলবদলে আসা করিম আদেয়েমি। প্রথমার্ধে অসাধারণ বাঁকানো শটে গোল করেন তিনি। আর লামিনে ইয়ামাল একটি গোল ও দুটি গোলে সহায়তা করে বার্সেলোনার হয়ে ১০১টি গোল ও গোলে সহায়তার মাইলফলক স্পর্শ করেন।
৭৭ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের ফ্রি-কিকে গোল করেন ইয়ামাল। ফেইনুর্ডের রক্ষণপ্রাচীরে থাকা দুই খেলোয়াড় লাফ দিয়ে পাশ ফিরে যাওয়ার মাঝখান দিয়ে বলটি জালে জড়িয়ে যায়। চ্যাম্পিয়নস লিগে এটি ইয়ামালের ১২তম গোল। প্রতিযোগিতার ইতিহাসে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের চেয়ে এখন মাত্র এক গোল পিছিয়ে আছেন তিনি।
এরপর বদলি হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় হেডে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এটি ছিল ক্লাবটির হয়ে তার প্রথম গোল।
নিজের পুরোনো ক্লাবে ফিরে ফেইনুর্ডের কোচ জিওভান্নি ফন ব্রংখর্স্টের জন্য রাতটি অবশ্য মোটেও সুখকর ছিল না। তবে ম্যাচের শেষ দিকে সেম স্টেইন দূরের পোস্টে বল ঠেলে দিয়ে গোল করে সফরকারী সমর্থকদের কিছুটা আনন্দ দেন।
চলতি মৌসুমে পাঁচ ম্যাচের মধ্যে এটি চতুর্থ ম্যাচ, যেখানে বার্সেলোনা পাঁচটি গোল করেছে। পাঁচ ম্যাচে তাদের মোট গোল এখন ২২টি। ১৯৫০ সালের পর মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে এটি বার্সেলোনার সর্বোচ্চ গোলসংখ্যা।
এ সময় গোল ব্যবধানও দাঁড়িয়েছে প্লাস ১৯-এ, যা ১৯২৬ সালের পর মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে ক্লাবটির সেরা গোল ব্যবধান।
চলতি মৌসুমে বার্সেলোনার ভয়ংকর শুরুর অন্যতম প্রধান কারিগর রাফিনহা। স্পেনের শীর্ষ লিগে চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার বল পাঠিয়েছে বার্সেলোনা, বিপরীতে হজম করেছে মাত্র দুটি গোল। প্রথম চার ম্যাচ শেষে প্লাস ১৫ গোল ব্যবধান ক্লাবটির ইতিহাসে সেরা সূচনা।
গত মৌসুমে চোটের কারণে রাফিনহাকে বেশ ভুগতে হয়েছিল। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের পথচলাও হ্যামস্ট্রিংয়ের চোটে আগেভাগে শেষ হয়ে যায় তার। মঙ্গলবার ঘোষিত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় তার জায়গা না পাওয়ার পেছনে এসব চোটের প্রভাব থাকতে পারে। এর আগে ২০২৫ সালের পুরস্কারের ভোটে পঞ্চম হয়েছিলেন তিনি।
ব্যালন ডি’অরের তালিকায় জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি রাফিনহা।
তিনি বলেন, ‘আমি শুধু বার্সেলোনা দারুণ একটি মৌসুম কাটাচ্ছে—এ নিয়েই কথা বলতে চাই।’















