প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৬:১০ প্রিন্ট সংস্করণ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রথম কার্য দিবসেই নয় কর্মসূচি ঘোষণা করলেন আমিনুল হক। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এ ঘোষণা দেন।
আজ প্রথম কর্ম দিবসেই আমিনুল হক তার পরিকল্পনা বাস্তবায়নের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ চার ক্রীড়া সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি, ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশনকে ঘিরে তার এ নয় কর্মসূচি।
ফুটবল, ক্রিকেটের বাইরে দেশের অন্য সব খেলোয়াড়রা তেমন সুযোগ-সুবিধা পান না। এজন্য জাতীয় দলে সব খেলোয়াড়কে বেতনের আওতায় আনতে চান এবং খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি প্রদানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ ও ২ , জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়টি এই তিন প্রতিষ্ঠান মিলে তদারকি করবে।
খেলাধুলার সরঞ্জাম তৈরি এবং সামনে রপ্তানির পরিকল্পনা রয়েছে আমিনুল হকের। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তর। খেলোয়াড়দের প্রশিক্ষণ ও খেলার জন্য প্রয়োজন অর্থ দেবে। ফেডারেশনকে সরকার থেকে তেমন আর্থিক অনুদান দেওয়া হয় না। পৃষ্ঠপোষকরাও সেভাবে ফেডারেশনের পাশে দাঁড়ায় না। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানকে একেকটি খেলা কিংবা ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছেন। এই দায়িত্ব বাস্তবায়ন করবে মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ।
খেলাকে একেবারে তৃণমূল পর্যায়ে নিতে চান আমিনুল হক। এ জন্য উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন ও ক্রীড়া অফিসার নিয়োগ করতে হবে। ক্রীড়া পরিদপ্তর এই বিষয়টি দেখভাল করবে। ৬৪ জেলায় ইনডোর ভিলেজ স্থাপনের দায়িত্ব বর্তেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানরে কাছে।
গতকাল বুধবার শপথ নেওয়ার পর মিরপুর পল্লবীস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আমিনুল হক। সেখানে তিনি বলেছিলেন ক্রীড়া উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার আগে তিনি ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসতে চান। কথা মোতাবেক কাজও করেছেন। আগামী রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান এই সংক্রান্ত চিঠি আজ তিন ক্রীড়া সাংবাদিক সংগঠনকে পাঠিয়েছেন।




















