প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ , ১২:০৫:৪৭ প্রিন্ট সংস্করণ
বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ডের উদ্বোধনের জন্য টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা ১১টা ২২ মিনিটে শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত কৃষক কার্ড বিতরণের মঞ্চে ওঠেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বের হয়। পথে পথে গাড়ির মধ্য থেকে বাইরের সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান।
কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কৃষক কার্ডের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ করবেন ও গাছের চারা তুলে দেবেন।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৯টি উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এরপর কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরের পর তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা, কৃষকদের পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ বইছে। অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।




















