জাতীয়

কৃষক কার্ড পাওয়া কবীর হোসেন আপাদমস্তক কৃষক: বাংলাফ্যাক্ট

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১১:১৪:১২ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড পাওয়া কবীর হোসেনের এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, কৃষক কার্ড পাওয়া কবীর হোসেন একজন আপাদমস্তক কৃষক। তার বিষয়ে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে তৈরি।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, কৃষকের পাশাপাশি কবীর হোসেন একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি নিয়মিত তার কাজের আপডেট নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে থাকেন। আর তার বিলাসবহুল জীবনযাপনের ছবিগুলো তিনি নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে ফেসবুকে পোস্ট করেছেন। যার কারণে উনাকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বাংলাফ্যাক্ট আরও জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেন।উদ্বোধনের সময় তিনি কবীর হোসেনসহ স্থানীয় ১৫ জন কিষান-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি কবীর হোসেনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে, এগুলো কবীর হোসেনের আসল ছবি।

 

ছবিগুলোতে দেখা যাচ্ছে, কবীর হোসেন দামি গাড়ির ওপর বসে আছেন, কোনোটাতে তিনি বড় প্রাসাদের সামনে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন, আবার কোনোটাতে তিনি বিমানবন্দরের ভেতরে শার্ট-প্যান্ট পরে লাগেজ হাতে দাঁড়িয়ে আছেন। এসব ছবি দেখে অনেকেই মন্তব্যের ঘরে লিখছেন, তিনি কীভাবে কৃষক কার্ড পান।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, কবীর হোসেন একজন আপাদমস্তক কৃষক এবং পাশপাশি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি নিয়মিত তা কাজের আপডেট তার ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে থাকেন।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে শনাক্ত করা হয়েছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

আরও খবর

Sponsered content