সারাদেশ

গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, উত্তাল সাগর

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৩৪:১৮ প্রিন্ট সংস্করণ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকার আকাশ রয়েছে ঘন মেঘে ঢাকা। বেড়েছে বাতাসের চাপ। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও রয়েছে উত্তাল। ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি একই এলাকায় অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল রাত ৯টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কুয়াকাটা সৈকত ও আশপাশের এলাকায় সাগর উত্তাল থাকায় স্থানীয়দের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে।

আরও খবর

Sponsered content