চট্টগ্রাম প্রতিনিধি ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৬:৪০:০৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে বৈলতলী গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বৈলতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাফরাবাদ (খোদারহাট) গুচ্ছগ্রাম থেকে নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার আব্দুল গফুরের ছেলে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার আসামিকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
মামলার এজাহারে জানা গেছে, নুর হোসেন দীর্ঘদিন ধরে ভিকটিম গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ১ অক্টোবর রাতে গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে নুর হোসেন ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করেন এবং তাকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে মারার হুমকি দিয়ে চলে যান তিনি।
পরবর্তী সময়ে ভিকটিম নুর হোসেনের পুনরায় কুপ্রস্তাব প্রাপ্তির পর স্বামীর কাছে বিষয়টি জানান। সামাজিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় গৃহবধূ চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযানের পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নির্যাতিত গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


