প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৩:৪০:০১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
‘আরো দিব রক্ত, করব ফ্যাসিবাদ দোসর মুক্ত, রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা’—এই প্রতিপাদ্যে আজ রবিবার (৩ আগস্ট) পালিত হলো চলচ্চিত্র অঙ্গনের কালো দিবস। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মীরা।
এদিন ২৪ জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও গণহত্যার সমর্থনে ২ আগস্ট বিটিভি এবং ৩ আগস্ট বিএফডিসিতে উল্লাসকারী ও ইন্ধনদাতা শিল্পী-কলাকুশলীদের বিরুদ্ধে বিচার দাবি করা হয়। সেইসঙ্গে আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে চলচ্চিত্র অঙ্গনের মানুষজন এই ‘কালো দিবস’ পালন করেন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার ও বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, নির্মাতা বদিউল আলম খোকন, অভিনেতা মারুফ আকিব, আবির চৌধুরী, জেবাসহ অনেকে।
আয়োজনে বক্তারা বলেন, ফ্যাসিস্টদের পক্ষ নেওয়া শিল্পীরা যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাদের বিরুদ্ধে সাংস্কৃতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের বিপক্ষে থাকা শিল্পী-কলাকুশলীদের রাষ্ট্রীয়ভাবে বর্জন তালিকাতে অন্তর্ভুক্ত করতে হবে।
আলোচনায় উঠে আসে ‘আলো আসবেই’ নামের একটি বিতর্কিত গ্রুপের প্রসঙ্গ, যার সদস্যরা ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন। এই গ্রুপের নেতৃত্বে ছিলেন অভিনেতা ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি এবং তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। অভিযোগ রয়েছে, তারা আন্দোলন দমন ও ভিন্নমত দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
বক্তারা অভিযোগ করেন, এই গ্রুপ আন্দোলনকারী ছাত্রদের এবং তাদের সমর্থনকারী শিল্পীদের বিরুদ্ধে বিষোদ্গার করে এবং ভিন্নমত দমন করতে সাংবাদিকদের ব্যবহার করে একটি অপপ্রচার চালায়।
চলচ্চিত্রের এই কালো দিবস ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ফের উত্তেজনা দেখা দিয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কৃতি ফ্যাসিবাদের মুখোমুখি হলে, শিল্পীরা নিরপেক্ষ থাকতে পারেন না। সত্যের পক্ষে না দাঁড়িয়ে যারা নিপীড়কের পাশে ছিলেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না।”





















