আন্তর্জাতিক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করল ভারতের বিশ্ববিদ্যালয়

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:১১:১৫ প্রিন্ট সংস্করণ

ভারতের একটি বিশ্ববিদ্যালয় দিল্লিতে অনুষ্ঠিত এআই সম্মেলনে চীনে তৈরি একটি রোবট কুকুরকে ‘নিজেদের উদ্ভাবন’ বলে দাবি করায় বিতর্কের মুখে পড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি প্রকাশ্যে আসে যখন গালগোটিয়াস ইউনিভার্সিটির এক অধ্যাপক রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে জানান, ‘ওরিয়ন’ নামের রোবটটি তাদের ‘সেন্টার অব এক্সেলেন্সে’ ‘উদ্ভাবন’ করা হয়েছে। পরে তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

পরবর্তীতে অনলাইন ব্যবহারকারীরা রোবটটিকে চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিকসের তৈরি ‘গো২’ (Go2) মডেল হিসেবে শনাক্ত করেন, যা বাজারে প্রায় ২ লাখ রুপি (প্রায় ২,২০০ ডলার; ১,৬০০ পাউন্ড) থেকে বিক্রি হয়।

বুধবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে, তারা রোবটটি তৈরি করেছে—এমন দাবি তারা করেনি। তারা এ ঘটনাকে ‘প্রচারমূলক অপপ্রচার অভিযান’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা স্পষ্ট করে জানাতে চাই যে রোবটিক প্রোগ্রামিং আমাদের শিক্ষার্থীদের এআই প্রোগ্রামিং শেখানো এবং বৈশ্বিকভাবে উপলব্ধ টুল ও রিসোর্স ব্যবহার করে বাস্তব দক্ষতা উন্নয়ন ও প্রয়োগের অংশ। বর্তমানে এআই প্রতিভা গড়ে তোলা সময়ের দাবি।’

ভিডিওতে দেখা যাওয়া অধ্যাপক নেহা সিং পরে সাংবাদিকদের বলেন, তার বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে। তিনি বলেন, ‘হতে পারে আমি যা বলতে চেয়েছিলাম তা ভালোভাবে বোঝাতে পারিনি, অথবা আমি যা বলতে চেয়েছিলাম তা ঠিকমতো আপনারা বুঝতে পারেননি।’ তবে সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অসততার অভিযোগ তোলেন।

খবরে বলা হয়, বিতর্কের পর সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের স্টল খালি করতে বলা হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে কয়েক ঘণ্টা পর সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, বিতর্কের জেরে স্টলটির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত বিবিসির এক প্রতিবেদক জানান, স্টলটির আলো নিভিয়ে দেওয়া হয় এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মীকে দেখা যায়নি।

এ ঘটনাকে সম্মেলন আয়োজকদের জন্যও বিব্রতকর হিসেবে দেখা হচ্ছে, কারণ ভিডিওটি তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছিল। পরে পোস্টটি মুছে ফেলা হয়।

ভারতের আইটি সচিব এস কৃষ্ণন বলেন, ‘এ বিতর্ক যেন সম্মেলনের অন্যান্য অংশগ্রহণকারীদের কাজকে “ম্লান” না করে।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘যা ঘটেছে, তা যেন ভবিষ্যতে এমন অনুষ্ঠানে কেউ তাদের কাজ উপস্থাপন বা প্রদর্শনের ক্ষেত্রে প্রভাব না ফেলে। এমন সুযোগ ব্যবহার করে ভিন্ন কিছু হয়ে ওঠা বা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করাই উদ্দেশ্য নয়। একটি সঠিক আচরণবিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি। এখানে অন্যান্য দেশ ও অংশগ্রহণকারীরাও যুক্ত রয়েছেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভারত মণ্ডপমে উদ্বোধন করা ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-কে সরকার ভারতের বৈশ্বিক এআই কেন্দ্র হিসেবে অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে তুলে ধরছে। এই পাঁচদিনব্যাপী সম্মেলনে শতাধিক দেশের প্রতিনিধি, একাধিক রাষ্ট্রপ্রধান এবং গুগলের সুন্দর পিচাইসহ শীর্ষ শিল্পনেতারা অংশ নিচ্ছেন।

সম্মেলনে এআই নীতিমালা, স্টার্টআপ প্রদর্শনী, এআই গভর্ন্যান্স, অবকাঠামো ও উদ্ভাবন নিয়ে নীতিগত আলোচনা এবং বন্ধদ্বার বৈঠকের আয়োজন রয়েছে। তবে উদ্বোধনী দিনে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সারি এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিভ্রান্তির অভিযোগ ওঠে, যা সম্মেলনের পরিবেশকে কিছুটা ম্লান করে দেয়। পরে আয়োজকেরা প্রদর্শনীর সময় বাড়ানো এবং প্রবেশ ব্যবস্থাপনা কঠোর করার কথা জানান। তাদের দাবি, পরিস্থিতির উন্নতি হয়েছে।

আরও খবর

Sponsered content