প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ১২:৩২:৪১ প্রিন্ট সংস্করণ
মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে শুরু করেছে ইমরান হাশমি ও দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপন ২’। ভারতের বক্স অফিসে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যানও সেই ইঙ্গিত দিচ্ছে। মুক্তির কয়েক দিন আগেই জাতীয় পর্যায়ের দুই বড় সিনেমা চেইনে ছবিটির প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
নিতিন কাক্কর পরিচালিত রোমান্টিক ড্রামা সিনেমাটিতে ইমরান ও দিশার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি ও অন্যান্য অভিনয়শিল্পী। দীর্ঘ অপেক্ষার পর ইমরান হাশমিকে আবারও এমন একটি সিনেমায় দেখতে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ আগস্ট রাত সাড়ে ১০টা পর্যন্ত পিভিআর ইনক্স ও সিনেপলিসে সিনেমাটির প্রথম দিনের জন্য প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। অথচ ছবিটি মুক্তি পেতে তখনও তিন দিন বাকি ছিল। ফলে শেষ মুহূর্তে অগ্রিম বুকিং আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় সিনেমা চেইনগুলোতে অগ্রিম বিক্রি শেষ পর্যন্ত এক লাখ ছাড়িয়ে যেতে পারে। এমনকি প্রায় ১ লাখ ২৫ হাজার টিকিট বিক্রির সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। এই হিসাব সত্যি হলে মুক্তির দিন বেশ ভালো দর্শকসমাগম পাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটির। তবে বক্স অফিসে ‘আওয়ারাপন ২’-এর পথ পুরোপুরি সহজ নয়। একই সময়ে মুক্তি পাচ্ছে সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’। অগ্রিম টিকিট বিক্রিতে এখন পর্যন্ত ইমরান হাশমির সিনেমাটি এগিয়ে থাকলেও প্রদর্শনী নিয়ে তৈরি হতে পারে প্রতিযোগিতা।
এর একটি কারণ, ‘বাটওয়ারা ১৯৪৭’ পিভিআর ইনক্সের মাধ্যমে পরিবেশিত হচ্ছে। ফলে একই সময়ে মুক্তি পাওয়া দুই সিনেমার মধ্যে শো ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে অগ্রিম বুকিং শক্তিশালী হলেও ‘আওয়ারাপন ২’-এর প্রথম দিনের আয় প্রত্যাশার তুলনায় কিছুটা প্রভাবিত হতে পারে। তারপরও প্রাথমিক পরিস্থিতি আশাব্যঞ্জক। সবকিছু অনুকূলে থাকলে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২০ কোটি রুপি নেটের বেশি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুধু উদ্বোধনী আয় নয়, দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে প্রথম সপ্তাহান্তেই ছবিটির ব্যবসা আরও বাড়তে পারে। একই সঙ্গে ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির ক্যারিয়ারে দীর্ঘদিনের অপেক্ষার পর একটি বড় সাফল্য এনে দিতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।















