সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ২ জুলাই ২০২৬ , ২:০০:২০ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানে একটি মৃত গরু বহনের সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক কসাই। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
এর আগে বুধবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জসিম উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি ভ্যানে করে একটি মৃত গরু বহন করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তারা গরুটি মৃত অবস্থায় দেখতে পেয়ে জসিম উদ্দিনকে আটক করেন।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, মৃত গরুটি জবাই করে বিক্রির উদ্দেশ্যে শোভাগঞ্জ বাজারে নেওয়া হচ্ছিল। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “মৃত গরু বহনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে থানায় নিয়ে আসে। কী কারণে এবং কী উদ্দেশ্যে মৃত গরুটি বহন করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ মামলা দায়ের না করায় তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে।





















