মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৯:৫৮ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার গার্লস স্কুল সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম ইজাজুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ইজাজুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়।
আটকের পর তাকে রাতেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে টঙ্গী পূর্ব থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।




















