সারাদেশ

টঙ্গীর আলোচিত জাভান হোটেল ঘিরে উদ্বেগ ও ক্ষোভ, স্থায়ী ব্যবস্থা চান স্থানীয়রা

  স্টাফ রিপোর্টার: ১৬ মে ২০২৬ , ৯:৪০:৫৭ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শিল্পাঞ্চল টঙ্গীর প্রাণকেন্দ্রে অবস্থিত আলোচিত “জাভান হোটেল” ও এর বারের কার্যক্রমকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ, রাত গভীর হলে সেখানে অসামাজিক কর্মকাণ্ড, মাদক সেবন, উচ্চ শব্দে গান-বাজনা, বিশৃঙ্খল পরিবেশ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়, যা স্থানীয় পরিবেশ ও আইনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানটির কার্যক্রমও বন্ধ রাখা হয়েছিল বলে দাবি করেন স্থানীয়রা। তবে অভিযোগ রয়েছে, সাময়িক বিরতির পর পুনরায় কার্যক্রম চালু হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, প্রশাসনিক নজরদারি কমে গেলে রাতের পরিবেশ পাল্টে যায় এবং গভীর রাত পর্যন্ত সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা দেখা যায়। তাদের অভিযোগ, এ পরিস্থিতি এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করছে।

স্থানীয়দের উদ্বেগের অন্যতম কারণ হলো, হোটেলটি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনার কাছাকাছি অবস্থিত। এর অদূরেই রয়েছে টিএনটি স্কুল, টঙ্গী রেলওয়ে স্টেশন এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। ফলে এমন কার্যক্রমের অভিযোগ স্থানীয়দের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হোটেলের মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে, যা থানাপর্যন্ত গড়িয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ১৪ মে ভোরে জাভান হোটেল এলাকায় বিকট শব্দ শোনা গেছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। তবে এটি কী ধরনের ঘটনা ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মীর মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও উঠেছে। যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হোটেলটিকে ঘিরে বিভিন্ন ভিডিও, ছবি ও অভিযোগ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে টঙ্গীজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু অভিযান নয়, বরং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করা জরুরি।

আরও খবর

Sponsered content