শিক্ষা ও শিক্ষাঙ্গন

টিউশনের প্রলোভনে অশালীন প্রস্তাবের অভিযোগ: জবি ছাত্রদল নেতার দাবি ‘ফেক আইডি’

  মো. সাদমান সাকিব দিশান | জবি প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ২:১২:১১ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য তৌফিক আনামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে টিউশনের প্রলোভন দেখিয়ে নারীদের সঙ্গে অশালীন কথোপকথনের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে জবি’র শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য পরিচয় দিয়ে টিউশন দেওয়ার প্রস্তাব দেন। পরবর্তীতে অনৈতিক ও ইঙ্গিতপূর্ণ শর্তের বিনিময়ে টিউশন ফি ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। শিক্ষাঙ্গনে এ ধরনের আচরণ নারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উদ্বেগজনক বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তৌফিক আনাম। তিনি দাবি করেন, তার নামে একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডি খুলে কেউ এই ধরনের বার্তা ছড়াচ্ছে।

তিনি বলেন, “আমি কোনো ধরনের টিউশন করাই না এবং কোনো টিউশন মিডিয়ার সঙ্গে যুক্ত নই। আমার নামে ফেক আইডি খুলে কেউ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিষয়টি জানার পর আমি মানসিকভাবে বিপর্যস্ত।”

তিনি আরও জানান, ওই আইডি থেকে কেউ যোগাযোগ করলে তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

আরও খবর

Sponsered content