প্রচ্ছদ » সারাদেশ » ঢাকায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ঢাকায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ নুরুজ্জামান শেখ: ১৭ জানুয়ারি ২০২৬ , ৯:৪৭:৪২প্রিন্ট
সংস্করণ
রাজধানী ঢাকায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে এমাম সেলিম বলেন, চলমান অন্যায়-অবিচার বন্ধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য—ইসলামী বিধি-বিধানের প্রতি মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। উগ্রগোষ্ঠীর বিকৃত চিন্তাধারা ও কর্মকাণ্ডের কারণেই মানুষের মাঝে এই ইসলামভীতি সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক জীবনব্যবস্থা, যা সকল ধর্ম ও মতের মানুষের অধিকার সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। রাসুলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবীরা যে তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, সেখানে সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের অধিকার সুরক্ষিত ছিল। কিন্তু ইসলামের সেই প্রকৃত রূপ আজ মানুষের সামনে অনুপস্থিত।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এমাম সেলিম বলেন, দীন প্রতিষ্ঠা করতে হলে জনমত গড়ে তোলা অত্যন্ত জরুরি। ইসলামের সঠিক আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে এবং আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।
সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, একটি বিশেষ গোষ্ঠী হেযবুত তওহীদের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে। ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদের বিরুদ্ধে কথা বলায় সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, অন্যান্য নাগরিকের মতো হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।
কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী ও উপদেষ্টা খাদিজা খাতুনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।