প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৮:৫২ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান-১ নিকেতন ডক্টর ফজলে রাব্বি পার্কে এক ব্যতিক্রমী নির্বাচনী গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে ‘তারুণ্যের শক্তি’ সংগঠন। এ কর্মসূচিতে অংশ জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক হেলাল খান।
রোববার সকালে তিনি পার্কে মর্নিং ওয়াকেমানুষদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে এই গণসংযোগ পরিচালনা করেন। এসময় তিনি পার্কে আসা ব্যক্তিদের হাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফুল ও লিফলেট তুলে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
হেলাল খান বলেন, তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কার’ ও ‘জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার’ বার্তা নিয়ে তারা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ।
গণসংযোগকালে এক সময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক ঢাকা-১৭ আসনের বিভিন্ন সমস্যার কথা জানতে চান এবং এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন। জনতার রায়ে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান এসব সমস্যার সমাধান করবেন বলে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেন।
হেলাল খানের সঙ্গে এ কর্মসূচিতে অংশ নেন ‘তারুণ্যের শক্তি’ ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা উপ-কমিটির আহ্বায়ক ও জাসাস ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ। গণসংযোগে তারুণ্যের শক্তি মিডিয়া সেলের পক্ষ থেকে অংশ নেন আহ্বায়ক রেজাউল হোসাইন অনিক, মুখপাত্র আইনজীবী মো. জিসান গোলজার, মুখপাত্র ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী সদস্য সচিব জিয়াউল করিম জিয়া, সদস্য মো. সফিকুল ইসলাম (রাব্বি) মো. কামরুজ্জামান, সদস্য ফারহান শাহরিয়ার ও আরও অনেকে।
সকালের মনোরম পরিবেশে ফুল দিয়ে কুশল বিনিময়ের মাধ্যমে তারুণ্যের শক্তির নির্বাচনী প্রচারণা ঢাকা-১৭ আসনের ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করেছে।




















