মোঃ মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ২ এপ্রিল ২০২৬ , ২:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৩৩৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার বাবু আনিজোত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা।
অভিযানে বাবু আনিজোত এলাকার বাসিন্দা মামুন আকন্দ (৩৫), পিতা রুহুল আমিন আকন্দ—এর কাছ থেকে অবৈধভাবে মজুত রাখা ৩৩৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। তিনি সরকারি নির্দেশনা অমান্য করে এসব তেল সংরক্ষণ করছিলেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে তেলের ড্রাম ও সংশ্লিষ্ট কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দের নির্দেশ দেন ইউএনও। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা পাচারের চেষ্টা প্রতিরোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
জব্দ করা তেলের বাজারমূল্য এবং এর উৎস যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।




















