কৃষি বার্তা

কৃষি গবেষণায় সংযোজন সফটওয়্যার অ্যাগ্রোল্যাব

  শাহেদ মাহমুদ, শেকৃবি ৪ জুন ২০২৫ , ৫:৩৮:১৬ প্রিন্ট সংস্করণ

তথ্য বিশ্লেষণ বা ডাটা অ্যানালাইসিস কৃষি গবেষণার এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক শিক্ষার্থীর কাছেই এটি এক ভয়ের বিষয়। শিক্ষার্থীদের হাতে একটি সহজবোধ্য এবং শক্তিশালী হাতিয়ার তুলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল মান্নান। বর্তমানে আব্দুল মান্নান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অ্যাগ্রোনমি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার ফসল হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে কৃষিভিত্তিক ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার অ্যাগ্রোল্যাবের প্রথম সংস্করণ।

মুহাম্মদ আব্দুল মান্নানের এই স্বপ্নযাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে, এসএইউ এগ্রি ক্যালকুলেটর তৈরির মধ্য দিয়ে। যদিও সেই টুলটি খুব সাধারণ ছিল, কিন্তু এটিই তাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সেই অনুপ্রেরণাই জন্ম দেয় অ্যাগ্রোল্যাবের মতো একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরির আকাক্সক্ষা। ২০২০ সাল থেকে শুরু করে দীর্ঘ কয়েকশ ঘণ্টার নিরলস পরিশ্রমে অবশেষে আলোর মুখ দেখেছে অ্যাগ্রোল্যাব, যা তার জন্য সত্যিই এক গর্বের মুহূর্ত।

অ্যাগ্রোল্যাব একটি পরিসংখ্যান বিশ্লেষণ সফটওয়্যার যা সম্পূর্ণভাবে কৃষিকে কেন্দ্র করে তৈরি। মৌলিক পরিসংখ্যান থেকে শুরু করে মেশিন লার্নিং এবং রিমোট সেন্সিংয়ের মতো উন্নত অ্যাপ্লিকেশনগুলোও এর মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব। এর অন্যতম বৈশিষ্ট্য হলো এর বিল্ট-ইন স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্যাল মডেল এবং ইন্টিগ্রেটেড পাইথন আইডিই। এটিকে অনেকটা SPSS/Statistix 10 এবং R-এর একটি হাইব্রিড সংস্করণ বলা যেতে পারে, তবে এটি বিশেষভাবে কৃষির জন্য তৈরি। এর ফলে R-এর মতো বিশাল ডাটাসেট হ্যান্ডেল করার ক্ষমতা এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল তৈরির সুবিধা পাওয়া যায়, আবার Statistix 10 বা SPSS-এর মতো সহজ ‘পয়েন্ট-অ্যান্ড-ক্লিক’ ইন্টারফেসের সরলতাও উপভোগ করা যায়।

অ্যাগ্রোল্যাবের সবচেয়ে বড় পার্থক্য হলো, এটি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নন-টেকনিক্যাল গবেষকদের ডাটা ফরম্যাট এবং বিশ্লেষণের চাহিদা গভীরভাবে বুঝে তৈরি করা হয়েছে, বিশেষ করে যারা ডাটা বিশ্লেষণের জটিল পরিবেশ দেখে ভয় পান।

অ্যাগ্রোল্যাব তৈরিতে ব্যবহৃত হয়েছে NumPz, Pandas, SciPz, Scikit-learn, Seaborn, Plotly, Statsmodels, GeoPandas, Rasterio, Folium, ARCH, BioPython, Xarray, Requests, Excel Support, SQLite–এর মতো অত্যাধুনিক লাইব্রেরি।

শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য উপযোগী সফটওয়্যারটি শুরুতে খুলতে কিছুটা সময় নেয়, তবে একবার লোড হয়ে গেলে এটি দ্রুত এবং মসৃণ অভিজ্ঞতা দেয়।

তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় এই সফটওয়্যারটি কৃষি গবেষণার অগ্রগতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে।’

আরও খবর

Sponsered content