অর্থ-বাণিজ্য

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফোনের চুক্তি স্বাক্ষর

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ২:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ আনসার ও ভিডিপির সঙ্গে পাঁচ বছরের জন্য একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি হচ্ছে দেশের অন্যতম বৃহৎ সুশৃঙ্খল বাহিনী যারা জাতীয় নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

প্রযুক্তি ও সংযোগকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করতে, পরিচালগত দক্ষতা বাড়াতে এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তরের অগ্রগতিতে অবদান রাখতে দুই প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ।

চুক্তির আওতায় দেশজুড়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট যোগাযোগের আধুনিকায়ন এবং প্রযুক্তি-নির্ভর সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে গ্রামীণফোনের দেশব্যাপী বিস্তৃত সংযোগ, ডিজিটাল অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা।

গ্রামীণফোনের হেড অব গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিভিএমসম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদরদপ্তরে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিজনেস হেলাল উদ্দিন আহমেদ, গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী নুসরাত এবং গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার আরমান সিকদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপস্থিত ছিলেন- ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, ডেপুটি ডিরেক্টর জেনারেল (অ্যাডমিনিস্ট্রেশন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, ডেপুটি ডিরেক্টর জেনারেল (ট্রেনিং) মো. রফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর (কমিউনিকেশন) কাউসার জাহান এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘জাতীয় অগ্রগতির জন্য প্রযুক্তিকে কাজে লাগাতে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ। আমাদের ডিজিটাল অভিজ্ঞতা এবং সংযোগ সংশ্লিষ্ট সেবার মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় সহযোগী হতে পেরে আমরা গর্বিত। যৌথভাবে আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালনগত সক্ষমতা জোরদার করা, দক্ষতা বাড়ানো এবং আরও স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর সেবা চালু করা, যা বাংলাদেশের মানুষের জন্য টেকসই সুবিধা নিশ্চিত করবে।’

বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘যেহেতু বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রমাগত আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতার দিকে মনযোগ দিয়েছে, তাই আমাদের ভবিষ্যতের পথচলার অন্যতম চালিকাশক্তি হচ্ছে প্রযুক্তি। আমাদের ডিজিটাল সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে এই পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আরও সংযুক্ত, কর্মতৎপর ও ভবিষ্যত-উপযোগী একটি বাহিনী গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।’

আরও খবর

Sponsered content