টাঙ্গাইল প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ১২:২৫:৩০ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ্।
নিহতরা হলেন— জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের জিন্নাত আলীর ছেলে আল আমিন (৩০), আমিনুল ইসলামের ছেলে স্বপন মিয়া (৩৫), এবং জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি গ্রামের নুরু ইসলামের ছেলে জুয়েল (৩২)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সানী (১৮), যিনি ময়মনসিংহ সদরের পাণ্ডাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।
ওসি এসএম শহীদুল্লাহ্ জানান, সকাল ৭টার দিকে জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ও পিকআপ চালক নিহত হন। আহত সানীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















