প্রচ্ছদ

বগুড়ায় মাটির দেয়াল ধসে ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক, বগুড়া ৩ আগস্ট ২০২৫ , ৪:১১:৩৯ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় মাটির দেয়াল ধসে মো. কিবরিয়া (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. কিবরিয়ার বাড়ি রাজশাহীর বুধপাড়া এলাকায়। তিনি মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। দীর্ঘ ১৮ বছর ধরে বগুড়ার ফুলতলা পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করতেন এবং স্থানীয়ভাবে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ জানান, শনিবার রাত থেকে টানা ভারী বর্ষণের কারণে সকালে কিবরিয়ার ঘরের পাশের পুরনো মাটির দেয়াল ধসে পড়ে। ঘটনার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, কিবরিয়ার একমাত্র মেয়ে রাজশাহীতে লেখাপড়া করেন। স্ত্রী’র সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি একা জীবনযাপন করতেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ মাটির ঘরগুলো নিয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত ছিল।

আরও খবর

Sponsered content