প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ১২:৩৮:৫৯ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় নতুন করে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার জন্য এটিই ইরানের শেষ সুযোগ বলেও হুমকি দেন তিনি।বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
একই সময়ে হরমুজ প্রণালিতে আরেকটি তেলবাহী জাহাজে হামলার অভিযোগ সামনে এসেছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইরানের নেতৃত্বকে অবিশ্বাস্যভাবে দ্বিমুখী বলে মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে আলোচনার বিষয়ে তার দাবি অস্বীকার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির নেতৃত্বকে নিয়ে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, সোমবার থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হবে। তেহরান এ দাবি নাকচ করে জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না।
পরে ট্রাম্প আরও বলেন, ইরানের জন্য এটি একটি চুক্তিতে পৌঁছানোর ‘শেষ সুযোগ’। তবে তিনি একই সঙ্গে জানান, আলোচনার জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, কারণ তিনি আর পুনর্নির্বাচনের প্রার্থী নন।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তার ভাষ্য, তেহরান বর্তমানে শুধুমাত্র হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় মনোযোগ দিচ্ছে।
বাঘাই অভিযোগ করেন, জুন মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছিল। তাই বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য, গত সপ্তাহান্তে ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেন। তার দাবি ছিল, আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি হামলা থেকে সরে আসেন। যদিও এর আগে একাধিকবার তিনি ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে পরে তা প্রত্যাহার করেছেন।





















