জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি: গণপূর্ত উপদেষ্টা

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৩৮:৫৬ প্রিন্ট সংস্করণ

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি বা বাসা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার জন্য বাসভবন ঠিক করা হবে বলেও জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে। শপথ নিতে নিতেই এগুলো তৈরি হয়ে যাবে।’

এ ৩৭টি বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলো রয়েছে বলেও জানান আদিলুর রহমান খান।

প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উনারা যেভাবে চান সেভাবে হবে।’

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল জানিয়ে গণপূর্ত উপদেষ্টা বলেন, ‘১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি নিজেদের কাজের জন্য।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে।’

‘অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় সংস্কার সম্পন্ন হয়নি, আশা করি, সেগুলো সম্পন্ন হবে,’ যোগ করেন আদিলুর রহমান খান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নতুন সরকারের মন্ত্রিসভা আগামীকাল মঙ্গলবার বিকেলে শপথ নেবে।

এদিকে ৭৭টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জামায়াতে ইসলামী জোট। অন্যদিকে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি ৮টি আসনে জয়ী হয়েছেন।

আরও খবর

Sponsered content