প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১১:৫২:১৯ প্রিন্ট সংস্করণ
দলীয় হোটেলে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ অভিযুক্ত করার পর লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, শৃঙ্খলা বজায় রাখা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই শাস্তি দেওয়া হয়েছে।
তবে একই ঘটনার জন্য অভিযুক্ত আরেক খেলোয়াড় সিকান্দার রজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গতকাল এক সংবাদ সম্মেলনে রজা নিজেই ঘটনার দায় স্বীকার করেন এবং আফ্রিদিকে দোষমুক্ত করার চেষ্টা করেন।
ঘটনাটি সামনে আসে পাঞ্জাব পুলিশের একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। ওই চিঠিতে পাকিস্তান সুপার লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসিরকে জানানো হয়, লাহোর কালান্দার্সের খেলোয়াড়রা নিরাপত্তা বিধি ভঙ্গ করেছেন। অভিযোগে বলা হয়, রজার কক্ষে দর্শনার্থী নেওয়ার অনুমতি না থাকা সত্ত্বেও আফ্রিদি ও রাজা কিছু লোককে সেখানে নিয়ে যান।
রাজা দাবি করেন, তারা প্রায় ৪০ মিনিট কক্ষে ছিলেন, তবে চিঠিতে উল্লেখ করা হয়, তারা প্রায় তিন ঘণ্টা সেখানে অবস্থান করেছেন।
লাহোর কালান্দার্স ঘটনার মূল বিষয়টি স্বীকার করলেও জানায়, বিষয়টি জনপরিসরে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে বাড়ানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এটি ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙার ঘটনা নয়, বরং ভুল বোঝাবুঝির ফল। দলটি সকল নিরাপত্তা বিধির প্রতি পূর্ণ সম্মান পুনর্ব্যক্ত করেছে।
একই সঙ্গে তারা জানায়, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নির্ধারিত কার্যপ্রণালী কঠোরভাবে অনুসরণ করা হবে এবং নিয়মাবলি নিয়ে পরিষ্কার ও সমন্বিত যোগাযোগ নিশ্চিত করা হবে।














