প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২৮:৫৮ প্রিন্ট সংস্করণ
দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এই ভোটের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেছেন, ‘আমরা যত দ্রুত সময় সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা কবর। ভোটের পর দিন (শুক্রবার) সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে।’
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
পোস্টাল ভোটের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়েল। প্রত্যেকটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে ভোটগুলো পোস্টে পৌঁছাবে শুধুমাত্র সেগুলোই গণনা করা হবে।’
এবার নির্বাচনে দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এটা নিয়ে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে দ্বৈত নাগরিকত্ব রেখে প্রার্থী হতে পারবেন না। প্রার্থীকে অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে হবে।’
এ সময় নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন ইসি সানাউল্লাহ।
গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটকেন্দ্রগুলো।
ভোটকেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশ প্রসঙ্গে মো. সানাউল্লাহ বলেন, ‘ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।





















