তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১৫ জানুয়ারি ২০২৬ , ১০:১৭:৫৪ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহে পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয় এবং একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো—পায়রা চত্বর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাস টার্মিনাল, হামদহ স্ট্যান্ড, হামদহ বাইপাস মোড়, মডার্ন মোড়, আরাপপুরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট।
নির্বাচনী সময়ে কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা অবৈধ কর্মকাণ্ড যাতে সংঘটিত না হয়, সে লক্ষ্যে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ মোটরসাইকেল এবং সন্দেহজনক যান চলাচলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই বিশেষ অভিযান আগামী ১৫ দিন ধরে চলবে। পাশাপাশি রাতের বেলায় জেলার সকল ইউনিয়ন পর্যায়ে বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও প্রচেষ্টা অব্যাহত রাখবে। এরই অংশ হিসেবে আমরা জেলা শহরে বিশেষ টহল ও তল্লাশি জোরদার করেছি। এই কার্যক্রম পর্যায়ক্রমে জেলার সব এলাকায় কার্যকর করা হবে।”




















