প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১২:১০ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার পলাশবাড়ীতে কাকন মিয়া (৩৫) নামে যুবদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ।ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পা ও হাতের কবজিতে জখম হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাকন মিয়া উপজেলা যুব দলের সদস্য ও বরিশাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মণ্ডলের ভাগিনা।
স্থানীয়রা জানান, কাকন বাজার থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলে পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসায় তারা দ্রুত পালিয়ে যায়। কাকন হাত দিয়ে হামলা প্রতিহত করার চেষ্টা করলেও তার দুই পায়ে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের কবজি কেটে যাওয়াসহ একটি আঙুল বিচ্ছিন্ন হয়।
লাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, হামলাকারীদের আঘাতে কাকনের দুই পা জখম ও ভেঙে গেছে এবং ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তার অবস্থা বর্তমানে সংকটময় বলে জেনেছি৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খাস বলেন, বাজারে দুর্বৃত্তদের হামলায় কাকন মারাত্মক জখম হয়েছেন। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় নির্ণয় করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, পলাশবাড়ী উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের এ হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে পলাশবাড়ী উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।




















