সারাদেশ

রংপুর-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে বিএনপির অবরোধ-বিক্ষোভ

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১:০৪:২৭ প্রিন্ট সংস্করণ

রংপুর-৪ আসনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কাউনিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা “ভোট চুরি মানি না, মানবো না”সহ বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে বসে ভোট পুনঃগণনার দাবি জানান। প্রায় আড়াই ঘণ্টা অবরোধ চলার পর রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এ সময় ঘোষণা দেওয়া হয়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের মধ্যে রংপুর-৪ আসনের ভোট পুনঃগণনা শুরু না হলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বিক্ষোভস্থলে এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে তাকে প্রায় ৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। তিনি দাবি করেন, ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে এবং ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও পুনঃগণনার দাবি জানান।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে আইনগত ও সাংগঠনিক প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

রংপুর-৪ আসনটি বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফলাফল ঘোষণার পর বাতিল ভোটের সংখ্যা ও গণনা প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content