জাতীয়

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ২:১৪:১৫ প্রিন্ট সংস্করণ

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। তার জন্য পুলিশ সদরদপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট যদি ক্রিয়েটেড থাকে তাহলে আমরা ক্রিয়েট করব।’

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীতে পুলিশ সপ্তাহ ২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলাপর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।’

‘সেটা প্রকল্প প্রণয়নের জন্য আমি গত কয়েক সপ্তাহ আগে নির্দেশ দিয়েছি। যেগুলো জটিল হবে, সেগুলো কেন্দ্রে আসবে। যেগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অ্যানালাইসিস করা সম্ভব, সেগুলো সেখানেই হবে’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে, সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত ক্রাইম হচ্ছে এই সাইবার বা স্ক্যামভিত্তিক। সেজন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’

অনুষ্ঠানে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখছে, নানা ধরনের সংবাদ দিচ্ছে- এমন কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর

Sponsered content