সারাদেশ

নওগাঁর পত্নীতলায় ইটভাটার নির্মাণকাজ বন্ধ, ১ লাখ টাকা জরিমানা

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ৪ অক্টোবর ২০২৬ , ১২:২১:০৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁর পত্নীতলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে মেসার্স এমবিএফ ইটভাটা-১ কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মহিমাপুর (গোপীনগর মোড়) এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর নির্মাণ ও সংস্কারকাজ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চালু রাখা হয়েছে। পরে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। ভ্রাম্যমাণ আদালতকে নিরাপত্তা সহায়তা দেয় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content