লামিয়া ইসলাম, মনোহরদী, নরসিংদী। সদস্য - বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪৭:৪৮ প্রিন্ট সংস্করণ
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের দুই সংসদ সদস্য পদপ্রার্থীর হাতে শিক্ষাবিষয়ক দিকনির্দেশনামূলক গ্রন্থ জ্ঞানের জগৎ – World of Knowledge হস্তান্তর এবং একই দিনে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বইটির মোড়ক উন্মোচনের মাধ্যমে শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।
বইটি গ্রহণ করেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহ-এর কনিষ্ঠ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী।
সংশ্লিষ্টরা জানান, এই বই হস্তান্তর কেবল সৌজন্যমূলক নয়; বরং শিক্ষা, জ্ঞানচর্চা ও মানবিক সমাজ গঠনে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের দায়বদ্ধতার প্রতীক।
একই দিনে এইচ. কে. বিপুল স্মৃতি হাই স্কুল, বি.জে.এস.এম মডেল কলেজ, দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কোচেরচর ইসলামিয়া দাখিল মাদরাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জ্ঞানের জগৎ’ বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিদের হাতে বইটি তুলে দেওয়া হয়।
শিক্ষাবিদরা বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের বড় সংকট হলো—পড়া বুঝেও দীর্ঘদিন মনে না থাকা, পরীক্ষাভীতি এবং আত্মবিশ্বাসের অভাব। এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতেই বইটি সময়োপযোগী উদ্যোগ।
বি.জে.এস.এম মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মঞ্জিল মোল্লা বলেন, সঠিক পড়ার কৌশল পড়াশোনাকে সহজ, আনন্দময় ও দীর্ঘস্থায়ী করে। তিনি বলেন, অল্প পড়ে ভালো ফল অর্জন, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং জ্ঞানকে আয়ের মাধ্যমে রূপান্তরের পথ দেখায় এই বই।
লেখক ও শিক্ষক তৌফিক সুলতান দীর্ঘদিনের শিক্ষকতা, প্রশিক্ষণ ও গবেষণার অভিজ্ঞতার আলোকে বইটি রচনা করেছেন। তাঁর মতে, শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার মূল কারণ মেধার ঘাটতি নয়; বরং পড়ার কৌশল, মানসিক প্রস্তুতি ও প্রয়োগভিত্তিক শিক্ষার অভাব।
বইটির মূল দর্শন—“পড়া বুঝে মুখস্থ করা”। এতে স্মৃতিশক্তি বৃদ্ধি, পরীক্ষাভীতি কাটানো, সময় ব্যবস্থাপনা, মনোযোগ বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনধারা এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে জ্ঞান অর্জনের বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
শিক্ষাবিদদের মতে, যারা পড়াশোনায় পিছিয়ে আছে, পড়ে ভুলে যায় বা পরীক্ষার হলে মানসিক চাপে পড়ে—তাদের জন্য ‘জ্ঞানের জগৎ’ একটি কার্যকর গাইড হিসেবে কাজ করবে।
গাজীপুর-৪ আসনের দুই এমপি প্রার্থীর হাতে বই হস্তান্তর ও একদিনে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মোড়ক উন্মোচন প্রমাণ করে—শিক্ষা কোনো দল বা মতের বিষয় নয়; এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব।




















