রাজনীতি

বক্তব্য প্রত্যাহার না করলে ২৪ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৬ , ১০:১৩:৩১ প্রিন্ট সংস্করণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দুদক ও এর মুখপাত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল বুধবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম জানান, আসিফ মাহমুদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার সিন্ডিকেট এবং অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। দলের নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

দুদকের অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিন কর্মকর্তা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির আদেশের বিনিময়ে প্রায় দুই কোটি টাকা ঘুষ লেনদেন, ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের টেন্ডার ও সরকারি কেনাকাটায় সিন্ডিকেট গঠন, বিসিবির পুনর্গঠন ও কর্মকাণ্ডে প্রভাব বিস্তার এবং সাবেক এপিএসের মাধ্যমে ঘুষের টাকা হুন্ডি ও বিটকয়েনের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের দায় প্রত্যাখ্যান করেছেন আসিফ মাহমুদ। দুদকের মুখপাত্রের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে-এমন বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে এবং গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো দুদক দায়িত্ব নিয়ে প্রত্যাহার না করলে দুদক ও সংশ্লিষ্ট মুখপাত্রের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

মানহানির মামলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রচলিত আইনে মানহানির যেসব ধারায় ব্যবস্থা নেওয়া যায়, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে একজন নাগরিকের মানহানি করার জন্য দুদককে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি।

যেভাবে আয়োজন করে মানহানি করা হয়েছে, একইভাবে আয়োজন করে ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে, যোগ করেন এনসিপির মুখপাত্র।

আরও খবর

Sponsered content