প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৪:১১:৩০ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা এবং মানবকল্যাণে তাঁর মহান অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অব.)। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে ধৈর্য, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা নিতে হবে। তিনি আমাদের দেখিয়েছেন কীভাবে সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হয়। জীবনের লক্ষ্য অর্জনে দৃঢ় অঙ্গীকার এবং সবার প্রতি সদয় আচরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আলোচক হিসেবে বক্তব্য দেন বিজনেস ও ইকোনোমিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ এবং সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ সাদিক ইকবাল। বক্তারা দৈনন্দিন জীবন, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে মহানবী (সা.)-এর সততা, ন্যায়পরায়ণতা এবং পবিত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. এম. এনামুল আজিজ, গণিত বিভাগের চেয়ারম্যান ড. উম্মে কুলসুম সুমা এবং আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান স্থপতি শেখ ইতমাম সৌদ। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি ইব্রাহিম খলিল।





















