বিনোদন

বিজ্ঞাপন করে বিপাকে ডা. এজাজ

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১:২৪:৩০ প্রিন্ট সংস্করণ

শোবিজের জনপ্রিয় মুখ ডা. এজাজুল ইসলাম। যিনি ডা. এজাজ নামেই বেশি পরিচিত। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিনি জয় করেছেন দর্শকের হৃদয়। বিশেষ করে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বহু নাটক ও সিনেমায় তার চরিত্রগুলো এখনো দর্শকদের আনন্দ দেয়। সম্প্রতি এই অভিনেতা জানালেন বাজে এক অভিজ্ঞতার কথা। প্রকাশ করলেন ক্ষোভও।

খাঁটি-ঘি নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে যুক্ত থাকার পর ভোক্তা অধিদফতরে তলব এবং গ্রাহকদের প্রতারণার অভিযোগে হতাশ হয়েছেন ডা. এজাজ। অনলাইন প্রতিষ্ঠান থেকে ঘি কেনার পর প্রতারণার শিকার হচ্ছেন ভক্ত-ক্রেতারা। বিষয়টি নজরে আসতেই হতাশ হয়েছেন তিনি নিজেই। শেষ পর্যন্ত স্পষ্ট জানিয়েছেন, জীবনে আর কখনও কোনো খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবেন না তিনি।

একজন ক্ষতিগ্রস্ত ক্রেতা জানান, অনলাইনে নানা বিজ্ঞাপন দেখেও তিনি ভরসা পাননি। কিন্তু ডা. এজাজকে ঘিয়ের প্রচার করতে দেখে বিশ্বাস করে কিনেছিলেন। পরে পণ্যের মান নিম্নমানের হওয়ায় প্রতারণার শিকার হন। এমন অভিযোগ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে ভোক্তা অধিদফতর ডেকে পাঠায় ডা. এজাজকে। তিনি জানান, বিজ্ঞাপন করার সময় তাকে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন)-এর অনুমোদন দেখানো হয়েছিল। সেটির ওপরই ভরসা করে তিনি বিজ্ঞাপনে অংশ নেন।

কিন্তু এখন তাদের প্রতারণার বিষয়টি জেনে তিনি নিজেই ক্ষুব্দ। ভোক্তা অধিদফতরকে লিখিতভাবে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি যদি ভেজাল পণ্য বিক্রি করে থাকে এটা তদন্ত করে যেন ব্যবস্থা নেওয়া হয়।

অভিনেতার ভাষ্য, ‘সব জায়গায় অসৎ মানুষের ভিড়। এই ঘটনার পর সিদ্ধান্ত নিয়েছি খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিজেকে আর কখনোই যুক্ত করব না।’