প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ৯:১২:২২ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে হেরে বিদায় নেওয়ার পর ইংল্যান্ড দলের প্রতি সমবেদনা ও সমর্থনের বার্তা জানিয়েছেন রাজপরিবার, প্রধানমন্ত্রী এবং অসংখ্য সমর্থক। আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
কিন্তু শেষ দিকে এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের গোলে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। ফলে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার অপেক্ষা আরও দীর্ঘ হলো।
রাজপরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছে, ‘হ্যারি এবং পুরো দলকে সমবেদনা। আজ তোমরা নিশ্চয়ই ভীষণ কষ্টে আছ, কিন্তু তোমরাই পুরো জাতির গর্ব। আমরা জানি, তোমরা আবারও ঘুরে দাঁড়াবে।’
প্রিন্স উইলিয়ামও আলাদা এক বার্তায় লিখেছেন, ‘ভীষণ কষ্ট লাগছে। ইংল্যান্ড, তোমরা সর্বস্ব দিয়ে লড়েছ, আর আমরা সবাই তোমাদের নিয়ে গর্বিত।’
তিনি আরও বলেন, ‘মাঠে ও মাঠের বাইরে যারা এই অসাধারণ যাত্রার অংশ ছিল, সবাইকে ধন্যবাদ। তোমাদের লড়াই এবং বিশ্বাস আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।’
‘এই টুর্নামেন্টে এটিই ছিল ইংল্যান্ডের সবচেয়ে পরিপূর্ণ দল। মাথা উঁচু রেখো।’
প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও একই অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘ভীষণ কষ্ট লাগছে। আজকের ফলাফল আমরা কেউই চাইনি। কিন্তু এই ইংল্যান্ড দল সর্বস্ব দিয়ে লড়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে যে আবেগ ও উদ্দীপনা তারা দেখিয়েছে, তা আমাদের সবার জন্য গর্বের।’
এর আগে স্টারমার জানিয়েছিলেন, ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে তিনি একটি সরকারি ছুটি ঘোষণা করার বিষয়টি বিবেচনা করবেন।
এই হারের ফলে প্রতিটি জয়ের পর সমর্থকদের কণ্ঠে শোনা যাওয়া জনপ্রিয় গান ‘ওয়ান্ডারওয়াল’-এর সমবেত গানের ধারাবাহিকতাও আপাতত থেমে গেল। অবশ্য শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারাতে পারলে আবারও সেই উদ্যাপন দেখা যেতে পারে।
সংগীতশিল্পী লিয়াম গ্যালাঘারও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ছেলেদের প্রতি সম্মান। বিশ্বকাপ জেতা কারও জন্মগত অধিকার নয়। আর্জেন্টিনাকে অভিনন্দন, সেরা দলই জিতেছে। সামনে এগিয়ে যেতে হবে।’















