শিক্ষা ও শিক্ষাঙ্গন

বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ শরীফ ওসমান হাদির নামে একাডেমিক ভবনের নামকরণ

  মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ২২ ডিসেম্বর ২০২৫ , ১১:২০:৫৪ প্রিন্ট সংস্করণ


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্যবাদবিরোধী আন্দোলনের দুই শহীদ—শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদকে স্মরণে রাখতে তাদের নামে দুটি একাডেমিক ভবনের নামকরণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর নাম ‘শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন’ এবং একাডেমিক ভবন-৩ এর নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি একাডেমিক ভবন’ ঘোষণা করা হয়। এ উপলক্ষে সংশ্লিষ্ট ভবনগুলোতে শিক্ষার্থীরা ব্যানার টানিয়ে নামফলক স্থাপন করেন।

এ সময় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এখান থেকেই ন্যায়, প্রতিবাদ ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে পড়ে। ভবনের নামকরণের মাধ্যমে আমরা সেই চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছি।”

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নেজাজ আহমেদ বলেন, “এই নাম পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো—আমরা যখন এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব, বিশ কিংবা ত্রিশ বছর পর পরবর্তী প্রজন্ম যখন এখানে পড়তে আসবে, তখন ভবনগুলোর নাম দেখেই তারা জানতে পারবে বিদেশি আগ্রাসন ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কীভাবে জীবন দিতে হয়েছে।”

শিক্ষার্থীরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শহীদদের আদর্শ ও প্রতিবাদের চেতনাকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।

আরও খবর

Sponsered content